
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে আগামীকাল বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
তিনি জানান, নির্বাচিত ৪৯ জন প্রার্থীর মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১-দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র ১ জন রয়েছেন।
মঈন উদ্দীন খান বলেন, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী ১৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে এ সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
তিনি আরও জানান, যতটি শূন্য পদ ছিল ঠিক ততসংখ্যক মনোনয়নপত্র জমা পড়ায় আইন অনুযায়ী নির্বাচন ছাড়াই প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে।
দুজন প্রার্থীর বিষয়ে আদালতে আপিলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, একজন প্রার্থীর আপিল সংক্রান্ত তথ্য এখনো নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি। অপর প্রার্থী নুসরাত তাবাসসুম রিট পিটিশন করেছিলেন। আদালত ৭২ ঘণ্টার মধ্যে তার মনোনয়নপত্র গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন এবং নির্বাচন কমিশন সে অনুযায়ী কাজ করছে।
তথ্যসূত্র: প্রথম আলো



