অর্থ ও বানিজ্য
প্রধান খবর

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন নামল সর্বনিম্ন স্তরে

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তর বা গ্রেডে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ জুলাই অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

বিএসইসি সূত্রে জানা গেছে, গত বছরের ৫ মার্চ তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও অন্য কমিশনারদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার এবং নাজেহালের ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে মোট ২২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পাঁচজনের বেতন সর্বনিম্ন স্তর বা গ্রেডে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত বছরের ৬ মার্চ রাজধানীর শেরেবাংলা থানায় বিএসইসির সাবেক চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ ও নাজেহালের ঘটনায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। তৎকালীন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিরাপত্তায় নিয়োজিত গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

ফৌজদারি মামলার পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী এ ঘটনায় তদন্ত ও বিভাগীয় মামলা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত পরিচালনার পাশাপাশি অভিযুক্ত ও অভিযোগকারীদের সাক্ষ্য গ্রহণ করা হয়।

পরে নানা প্রক্রিয়া শেষে সরকারের পক্ষ থেকে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিএসইসিতে নির্দেশনা পাঠানো হয়। এই ২৩ কর্মকর্তার মধ্যে ২২ জনের বিরুদ্ধে মঙ্গলবার ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর একজন কর্মকর্তা আগেই অন্য একটি অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হওয়ায় তার বিরুদ্ধে নতুন করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বিএসইসির পক্ষ থেকে তাদের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। তবে বাধ্যতামূলক অবসরের আনুষ্ঠানিক চিঠি তারা বুধবার হাতে পেয়েছেন। তাদের অনেকে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে উপস্থিত হয়ে চিঠি গ্রহণ করেন।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button