
আগস্ট মাসের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি লিটারে দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।
রোববার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিলও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়।
এরপর মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়।
জুন মাসে দাম আরও কমিয়ে প্রতি লিটার ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
সর্বশেষ আগস্ট মাসে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা।
অর্থাৎ, জুনের নির্ধারিত দামের তুলনায় আগস্টে অভ্যন্তরীণ রুটের জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৯ টাকা ৩১ পয়সা বেড়েছে।
তথ্যসূত্র: ইত্তেফাক

