
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের পর এবার ফ্রান্সের এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। এ বিষয়ে আগামী অক্টোবরেই চুক্তি হওয়ার কথা জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
চলতি বছরে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে দুটি চুক্তির কথা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে গত ৩০ এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বোয়িংয়ের একটি চুক্তি স্বাক্ষর হয়। তখন জানানো হয়েছিল, ওই চুক্তির আওতায় বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনা হবে।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করে সরকার। এরপর গত ২৩ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও ১১টি বোয়িং বিমান কেনার বিষয়ে চুক্তি করেছে।
জাতীয় পতাকাবাহী বিমানকে আধুনিকায়ন, আন্তর্জাতিক যোগাযোগ জোরদার এবং বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও কার্গো হাবে পরিণত করার প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ পর্যালোচনা করছে সরকার। এরই ধারাবাহিকতায় এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা



