
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ দাম বাড়ানোর কথা জানিয়েছে বিইআরসি। নতুন দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের গত ২২ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী ২০২৬ সালের ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড়, চলতি সেপ্টেম্বর মাসে আমদানি করা ক্রুড অয়েলের সিআইএফ মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।
বিইআরসি আইন, ২০০৩-এর ২২(খ) ও ৩৪ ধারায় প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহকৃত ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ আদেশ ৩০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে ফার্নেস অয়েলের প্রতি লিটারের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



