অর্থ ও বানিজ্য
প্রধান খবর

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কমে প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।

অপরিশোধিত তেলের পর্যাপ্ত সরবরাহ এবং বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কায় এই দরপতন হয়েছে। যদিও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং তেলবাহী ট্যাংকারে হামলার আশঙ্কা এখনো অব্যাহত রয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, অপরিশোধিত তেলের পর্যাপ্ত সরবরাহ এবং বাজারে সম্ভাব্য উদ্বৃত্তের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই-দুই ধরনের তেলের দামই কমেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪০ সেন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ৮৮ ডলার ৯৭ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে ৭৯ ডলার ৯৪ সেন্টে নেমেছে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। একই দিন লেনদেনের একপর্যায়ে ডব্লিউটিআইয়ের দামও গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। অথচ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ঝুঁকি এখনো অব্যাহত রয়েছে।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। একই সময়ে গুরুত্বপূর্ণ এই নৌপথে নৌমাইনে আঘাতে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার কথাও জানিয়েছে দেশটি। এসব ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার অভিযোগও তুলেছে তেহরান।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ (লুকাস) ড্রোন ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ সংস্থাটি। ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।

এছাড়া সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

আইআরজিসির নৌবাহিনী জানায়, ট্যাংকারগুলোর মধ্যে দুটি প্রণালির পূর্ব অংশে নৌমাইনে আঘাত হানে। এতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং তিনটি জাহাজেই আগুন ধরে যায়। তাদের দাবি, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা এসব ঘটনা ঠেকাতে ব্যর্থ হয়েছে। বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করা হবে বলেও জানিয়েছে তারা।

একই সঙ্গে ইরানের কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে চলাচল না করতে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলসংক্রান্ত সতর্কবার্তা উপেক্ষা না করতে জাহাজগুলোকে হুঁশিয়ার করেছে আইআরজিসির নৌবাহিনী।

এছাড়া ৫০টি জ্বালানিবাহী ট্যাংকারকে লক্ষ্য করে চালানো সাইবার হামলায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রসঙ্গত, বিশ্ববাজারে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি।

এই বিভাগের অন্য খবর

Back to top button