অর্থ ও বানিজ্য

হঠাৎ করেই বাড়ছে পেঁয়াজের দাম

হঠাৎ করেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। চারদিনের ব্যবধানে কেজিতে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের কেজি উঠে গেছে ৮০ টাকায়।

পূজার কারণে ভারত থেকে পেঁয়াজ কম আসা, এবং সেখানে দাম বাড়ার ফলে বাংলাদেশের বাজারেও বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ব্যবসায়ীরা বলেন, গত বছর পেঁয়াজ আমদানি করে লোকসান গুনেছেন আমদানিকারকরা। এ কারণে এবার আমদানি কমিয়ে দিয়েছেন তারা। এরও প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে।

বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা পর্যায়ে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। আর পাইকারিতে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬৭-৭০ টাকা।

পেঁয়াজের এই দাম বাড়ার বিষয়ে মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, পাইকারিতে এখন প্রতিদিন পেঁয়াজের দাম বাড়ছে। শুক্রবার এক কেজি পেঁয়াজ ৪৫ টাকা বিক্রি করেছিলাম। শনিবার এক লাফে পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকা হয়। এরপর ৬৫ টাকা এবং গতকাল ৭০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করেছি। আর আজ ঘাটেই পেঁয়াজের কেজি ৭২ টাকা কিনতে হয়েছে আমাদের। যে কারণে পেঁয়াজের কেজি ৮০ টাকা বিক্রি করছি।

তিনি বলেন, পাইকারি বাজারের যে অবস্থা তাতে মনে হচ্ছে পেঁয়াজের কেজি ১০০ টাকা হয়ে যেতে পারে। কারণ পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে শুনতে পারছি পেঁয়াজের আমদানি খুব কম হচ্ছে। ভারত ও মিশরের পেঁয়াজ বাজারে খুব একটা নেই।

কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. হাবিবুর রহমান মোস্তফা বলেন, পেঁয়াজের দাম বাড়ার চিত্র দেখে আমরাও অবাক। কারণে বাজারে সরবরাহের ঘাটতি নেই। ভারত পেঁয়াজ দেওয়া বন্ধ করেনি।

তিনি বলেন, পূজার কারণে ভারত থেকে কয়েকদিন ধরে পেঁয়াজ কম আসছে বলে জানতে পেরেছি। তাছাড়া ভারতেও পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। এর কারণে আমাদের বাজারে পেঁয়াজের দাম ততটুকু বাড়ার কথা তার থেকে বেশি বেড়েছে বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, পেঁয়াজের দামের ওপর কারওয়ান বাজারের ব্যবসায়ীদের খুব একটা নিয়ন্ত্রণ নেই। শ্যামবাজারে দাম বাড়লেও আমাদের এখানেও বাড়ে। পেঁয়াজ নিয়ে এর আগে কাণ্ড কম হয়নি। তাই সংশ্লিষ্টদের উচিত দ্রুত পেঁয়াজের বাজারে নজর দেওয়া। তা না হলে পেঁয়াজের দাম কোথায় গিয়ে থামবে বলা মুশকিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button