
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৯২ জন রোগী। শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১২৫ জন, চট্টগ্রামে ১৩৬ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১০৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন।
এ সময়ে সারাদেশে ৭৮৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ২৪৩ জন।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ৮৫৮ জন। একই সময়ে মোট মৃত্যু হয়েছে ৩৩১ জনের।
ডেঙ্গু সতর্কতা:
জমে থাকা পানি ২৪ ঘণ্টার বেশি রাখবেন না—ডেঙ্গু মশার প্রধান প্রজননস্থল এগুলোই।
বাসার বাথরুম, ছাদ, বারান্দা ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখুন।
জ্বর আসলে দেরি না করে পরীক্ষা করুন—ডেঙ্গু দ্রুত জটিল হয়।
দিনের বেলা মশার কামড় বেশি—মশা প্রতিরোধক ও পোশাক ব্যবহার করুন।


