
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন, যা চলতি বছরের এক দিনে সর্বোচ্চ রোগী। এর আগে গত ৪ জুলাই একদিনে সর্বোচ্চ ৬৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দুই হাজার ৫০২ জন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৬০৩ জন ও ঢাকার বাইরের ২১৭ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারা দেশে দুই হাজার ৫০২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৭৭৩ জন ও ঢাকার বাইরে ৭২৯ জন।
এতে বলা হয়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১২ হাজার ১১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় আট হাজার ৫৭৪ জন ও ঢাকার বাইরে তিন হাজার ৫৪৪ জন।
একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা নয় হাজার ৫৪৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ছয় হাজার ৭৫০ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৭৯৯ জন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।
