স্বাস্থ্য
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১৮৭

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা। ছবি: সমকাল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে এ রোগে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৮৭ জনে। বুধবার সকাল ৮টা পর্যন্তের হিসাব প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে নতুন করে ৬৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৪১ জনে।

মৃতদের মধ্যে দুজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং একজন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মধ্যে দুজনের বয়স ৬০ বছর, আরেকজনের ৫০, একজনের ৫৫ এবং একজনের বয়স মাত্র ১২ বছর। মৃতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।

এ বছর সেপ্টেম্বরে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন—মোট ১২ হাজার ৩৬৫ জন। এর আগে জুলাইয়ে ভর্তি হয়েছিলেন ১০ হাজার ৬৮৪ জন। জানুয়ারিতে ১১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১৭৭৩, জুনে ৫৯৫১ এবং অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

মৃত্যুর দিক থেকেও সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সেপ্টেম্বরে—এখন পর্যন্ত ৬৫ জন। জুলাইয়ে ৪১, অগাস্টে ৩৯, জুনে ১৯, এপ্রিলে সাত, জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন ও মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৬৭ জন, ঢাকা বিভাগে ১২৬, ময়মনসিংহে ৩০, চট্টগ্রামে ১০৬, খুলনায় ৪১, রাজশাহীতে ৩৫, রংপুরে পাঁচ এবং বরিশালে ১৫৮ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন ২ হাজার ১৬ জন। তাদের মধ্যে ৭৫৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ১ হাজার ২৫৯ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। সে বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

তথ্যসূত্র: সমকাল

এই বিভাগের অন্য খবর

Back to top button