
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা। ছবি: সংগৃহীত
বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন রোগী, যা চলতি বছরের এক দিনে সর্বোচ্চ ভর্তির সংখ্যা। এর আগে গত ২১ সেপ্টেম্বর সর্বোচ্চ ৭৪০ জন রোগী ভর্তি হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিন অনুযায়ী, নতুন করে আক্রান্তদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯২ জনে। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী, বয়স যথাক্রমে ৫৫, ৬৫, ৪৫ ও ৫৫ বছর।
গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন করে রোগী মারা গেছেন।
এদিকে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫১ জনে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছেন ১৪ হাজার ৫৭৫ জন, যা বছরের সর্বোচ্চ। জুলাইয়ে ভর্তি হয়েছিল ১০ হাজার ৬৮৪ জন।
মাসভিত্তিক হিসাবে দেখা যায়, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ হাজার ৫৭৫ জন রোগী ভর্তি হয়েছেন।
মৃত্যুর দিক থেকে সেপ্টেম্বরও সবচেয়ে ভয়াবহ মাস হয়ে উঠেছে। এ মাসে এ পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে জুলাইয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ এবং অগাস্টে ৩৯ জন মারা যান। মার্চে কোনো মৃত্যু হয়নি।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২১৪ জন, ঢাকা বিভাগে ১৫৯ জন, ময়মনসিংহে ৩৭ জন, চট্টগ্রামে ৯১ জন, খুলনায় ১০০ জন, রাজশাহীতে ৫৪ জন, রংপুরে ১৭ জন, বরিশালে ১৬৬ জন এবং সিলেটে ৭ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৩০ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকায় ৭৪৬ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব রাখা হয়। এর মধ্যে ২০২৩ সালে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
তথ্যসূত্র: বিডি নিউজ ২৪
