মোস্তাফিজকে কেকেআরে নেওয়ায় শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা বিজেপি নেতার, শুরু তীব্র বিতর্ক

আইপিএলের মেগা নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক, যার জেরে এবার চরম আক্রমণের মুখে পড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থি বিজেপি নেতা সংগীত সোম শাহরুখ খানকে প্রকাশ্যে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেকেআরের হয়ে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে সংগীত সোম বলেন, “মোস্তাফিজের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তাহলে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না—এটা আমার প্রতিজ্ঞা।”
তিনি আরও অভিযোগ করেন, শাহরুখ খান ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করছেন। সংগীত সোম বলেন, “আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন, আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী কাজ করছেন। কখনো পাকিস্তানকে আর্থিক সহায়তার কথা শোনা যায়, আবার কখনো মোস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে। এসব আর এই দেশে বরদাশত করা হবে না।”
বিজেপির এই নেতা আরও বলেন, “শাহরুখ খানের মতো গাদ্দারদের এটা বুঝে নেওয়া উচিত যে দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই। এই দেশের মানুষের ভালোবাসার কারণেই তিনি আজ এত বড় হয়েছেন, অথচ সেই দেশকেই তিনি আঘাত করছেন।”
উল্লেখ্য, এর আগেও শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে এবার সরাসরি দেশদ্রোহীর অভিযোগ এনে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছেন কট্টরপন্থি এই বিজেপি নেতা।
এ বিষয়ে শাহরুখ খান বা কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
তথ্যসূত্র: যুগান্তর



