আন্তর্জাতিক খবর
প্রধান খবর

নেপালে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি গ্রেফতার

জেন-জি আন্দোলনের জেরে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি-কে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কে।

গত বছরের সেপ্টেম্বরে সংঘটিত আন্দোলনে বিপুল প্রাণহানির ঘটনায় অপরাধমূলক অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে একটি তদন্ত প্যানেল। সেই সুপারিশের ভিত্তিতেই শনিবার তাদের গ্রেফতার করা হয়।

কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, সকালে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।

এর একদিন আগে অভ্যুত্থানের নেতা বলেন্দ্র শাহ নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া জেন-জি আন্দোলনে প্রায় ৭০ জনের বেশি মানুষ নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া এই আন্দোলন পরে দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভে রূপ নেয়। বিক্ষোভের সময় অনেক আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হন বলে অভিযোগ রয়েছে।

এদিকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম-এ লিখেছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি কারও বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের শুরু মাত্র।”

সূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button