আন্তর্জাতিক খবর
প্রধান খবর

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার

নেপালের উত্তরাঞ্চলে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এ ঘটনায় আরও ৪ হাজার ৮৮৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ। নেপালভিত্তিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির আটটি জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ানে ৩৬০, পশ্চিম নাওয়ালপারাসিতে ২৩০, পূর্ব নাওয়ালপারাসিতে ২২২, নুয়াকোটে ১৯২, রাসুয়ায় ১৬০, গোরখায় ৭৩, ধাদিংয়ে ৬৭ এবং তানাহুনে ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ডিএনএ নমুনা সংগ্রহসহ অন্যান্য শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পর এখন পর্যন্ত ১ হাজার ৩০টি মরদেহ দাফন করা হয়েছে। দাফন হওয়া মরদেহগুলোর মধ্যে ২২২ জন নারী, ৩৫৫ জন পুরুষ এবং ৪৫৩টি মরদেহের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতদের পরিচয় শনাক্তে সহায়তার জন্য কর্তৃপক্ষ এখন পর্যন্ত ২ হাজার ২৭২টি ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে ১ হাজার ২৬০টি নমুনা নিহতদের মরদেহ থেকে এবং ১ হাজার ১২টি নমুনা স্বজনদের কাছ থেকে নেওয়া হয়েছে।

এদিকে নিখোঁজ স্বজনদের বিষয়ে নিশ্চিত হতে পরিবারগুলোর সহায়তার জন্য ১ হাজার ২৭০টি অজ্ঞাত মরদেহের বিস্তারিত তথ্য নেপাল পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, মরদেহ উদ্ধারসহ বিভিন্ন জরুরি কার্যক্রম পরিচালনায় ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।

বর্তমানে বিভিন্ন জেলার হোল্ডিং সেন্টারে প্রায় ৩ হাজার ২৪০ জন মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও অব্যাহত রয়েছে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বাধা অপসারণ এবং বন্যাকবলিত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনায় স্থানীয় বাসিন্দা ও অন্যান্য সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছেন।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button