
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বাল্টিক সাগরের গুরুত্বপূর্ণ বন্দর উস্ত-লুগায় একটি তেল লোডিং টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে শিল্পখাতের সূত্র। মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, গত ১০ দিনের মধ্যে এটি পঞ্চমবারের মতো উস্ত-লুগা বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা। এতে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানিতে নতুন করে জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত এক মাসে ইউক্রেন রাশিয়ার তেল রপ্তানি অবকাঠামোর ওপর হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে উস্ত-লুগা ও প্রিমোরস্কের বাল্টিক বন্দরগুলোতে এটি সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলাগুলোর একটি বলে উল্লেখ করা হয়েছে।
বাজার তথ্যের ভিত্তিতে রয়টার্সের হিসাব অনুযায়ী, ড্রোন হামলা, একটি প্রধান পাইপলাইনে বিতর্কিত হামলা এবং ট্যাঙ্কার জব্দের ঘটনার কারণে রাশিয়ার তেল রপ্তানি সক্ষমতার অন্তত ৪০ শতাংশ বন্ধ হয়ে গেছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়ায় রাশিয়ার তেল খাতে দূরপাল্লার হামলা কমানোর বিষয়ে কিয়েভের কিছু মিত্র দেশ “ইঙ্গিত” পাঠিয়েছে।
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো জানান, রাতভর হামলায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন এবং কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ওই অঞ্চলে জারি করা বিমান হামলার সতর্কতা তুলে নেওয়া হয়েছে, তবে বন্দরের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পরে তিনি জানান, উস্ত-লুগায় হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত আবাসিক ও অন্যান্য স্থাপনায় গরম পানি ও হিটিং ব্যবস্থা পুনরুদ্ধার করা হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হামলাকে “সন্ত্রাসী হামলা” হিসেবে উল্লেখ করে বলেন, রাশিয়া তার গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় কাজ করছে।
সাংবাদিকদের সঙ্গে দৈনিক ব্রিফিংয়ে তিনি বলেন, “এর মানে এই নয় যে এসব স্থাপনাকে শতভাগ সুরক্ষিত রাখা সম্ভব। তবে শুধু বন্দর নয়, সব গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় নিবিড়ভাবে কাজ করা হচ্ছে।”
শিল্পখাতের তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সর্বশেষ হামলায় ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার পাইপলাইন একচেটিয়া প্রতিষ্ঠান ট্রান্সনেফট পরিচালিত অপরিশোধিত তেল লোডিং স্থাপনায় আঘাত হেনেছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ জানানো হলেও ট্রান্সনেফট তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: রয়টার্স



