আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ইরান যুদ্ধবিরতি: নেতানিয়াহু ‘রাজনৈতিকভাবে ব্যর্থ’-ইসরায়েলের বিরোধীদলীয় নেতা

ইরানে যুদ্ধবিরতির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘রাজনৈতিকভাবে ব্যর্থ’ হয়েছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, “আমাদের ইতিহাসে এত বড় রাজনৈতিক বিপর্যয় আর কখনও ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।”

তিনি বলেন, সেনাবাহিনী তাদের কাছে যা চাওয়া হয়েছিল সবই করেছে এবং জনগণ অসাধারণ ধৈর্য ও সহনশীলতা দেখিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগত-উভয় দিক থেকেই ব্যর্থ হয়েছেন।

লাপিদ আরও বলেন, নেতানিয়াহু নিজে যে লক্ষ্যগুলো ঠিক করেছিলেন, তার একটিও অর্জন করতে পারেননি।

তিনি অভিযোগ করেন, অহংকার, অবহেলা এবং কৌশলগত পরিকল্পনার অভাবের কারণে নেতানিয়াহু যে রাজনৈতিক ও কৌশলগত ক্ষতি করেছেন, তা কাটিয়ে উঠতে ইসরায়েলের অনেক বছর সময় লাগবে।

উল্লেখ্য, ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকবে না।

সূত্র: ডেইলি স্টার

এই বিভাগের অন্য খবর

Back to top button