আন্তর্জাতিক খবর
প্রধান খবর

বিনিয়োগ বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

বিনিয়োগ সংক্রান্ত বিতর্কের জেরে দায়িত্ব গ্রহণের এক মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন সুধন গুরুং। বুধবার (২২ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।

পোস্টে গুরুং জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং তার পদ যেন তদন্তে কোনো প্রভাব না ফেলে, সে কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, তা তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন।

সুধন গুরুং আরও বলেন, “আমার কাছে নৈতিকতা পদমর্যাদার চেয়ে বড়। আমার ৪৬ জন সহযোদ্ধার রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত এই সরকার নিয়ে কেউ প্রশ্ন তুললে তার জবাব হলো-নৈতিকতা।”

৩৬ বছর বয়সী গুরুং গত সেপ্টেম্বরের আলোচিত জেনজি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। যদিও সমালোচকদের মতে, তিনি প্রকৃতপক্ষে মিলেনিয়াল প্রজন্মের, জেনজি নন। দুর্নীতিবিরোধী ও জবাবদিহিতার দাবিতে ওই আন্দোলন গড়ে উঠেছিল।

বালেন্দ্র শাহ-এর নেতৃত্বে সরকার গঠনের পর গত ২৭ মার্চ গুরুং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান।

এদিকে দুর্নীতিবিরোধী অভিযানে পুলিশ দিপক ভাট নামে এক বিতর্কিত ব্যবসায়ীকে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেফতার করেছে। স্থানীয় গণমাধ্যমে সম্প্রতি গুরুংয়ের সঙ্গে ভাটের সম্ভাব্য সম্পর্ক এবং অস্বাভাবিক আর্থিক লেনদেন নিয়ে ব্যাপক প্রতিবেদন প্রকাশিত হয়।

গুরুংয়ের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ অনেকের কাছেই বিস্ময়কর ছিল। দায়িত্ব নেওয়ার পরদিনই তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখাক-কে গ্রেফতারের নির্দেশ দেন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button