আন্তর্জাতিক খবর
প্রধান খবর

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে মার্কিন স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী জুলাই মাসে সীমিতসংখ্যক স্মারক পাসপোর্ট তৈরি করা হবে, যেখানে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের এক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, নতুন নকশার এ বিশেষ পাসপোর্টের জন্য যে কোনো মার্কিন নাগরিক আবেদন করতে পারবেন। তবে এটি সীমিত সময়ের জন্য এবং সীমিত সরবরাহের ভিত্তিতে দেওয়া হবে।

তিনি আরও জানান, স্মারক পাসপোর্টটি কেবল ওয়াশিংটনের পাসপোর্ট এজেন্সি থেকেই সংগ্রহ করা যাবে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত একটি নকশায় দেখা যায়, পাসপোর্টে ট্রাম্পের ছবি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা ও জাতীয় পতাকার মাঝে স্থাপন করা হয়েছে। একই সঙ্গে সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষরও সংযুক্ত রয়েছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন দেশপ্রেমিক পাসপোর্ট ডিজাইন আমেরিকার ২৫০তম জন্মদিন উদ্‌যাপনে অংশ নেওয়ার আরেকটি অনন্য উপায়।”

বর্তমান মার্কিন পাসপোর্টে দেশটির ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্য যেমন চাঁদে অবতরণ এবং স্ট্যাচু অব লিবার্টির মতো প্রতীক ব্যবহার করা হয়।

এই স্মারক পাসপোর্টটি ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক একাধিক উদ্যোগের অংশ বলে মনে করা হচ্ছে, যেখানে বিভিন্ন সরকারি কর্মসূচি ও স্থাপনায় প্রেসিডেন্টের নাম ও প্রতিচ্ছবি যুক্ত করা হচ্ছে।

চলতি বছরের এপ্রিলের শুরুতে হোয়াইট হাউস ‘আর্ক অব ট্রাম্প’ নামে একটি বিশাল স্বর্ণাভ বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনাও প্রকাশ করে।

ওয়াশিংটনে ২৫০ ফুট উচ্চতার এ স্থাপনার প্রাথমিক অনুমোদন মিললেও জনসাধারণ ও সংরক্ষণবাদীদের কাছ থেকে ব্যাপক সমালোচনা এসেছে।

এছাড়া, হোয়াইট হাউস ভবনের পূর্বাংশ ভেঙে সেখানে একটি বলরুম নির্মাণের পরিকল্পনাও নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button