আন্তর্জাতিক খবর
প্রধান খবর

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান, মোদির পদত্যাগ দাবি

শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনের প্রতিবাদে বিক্ষোভ; শিক্ষামন্ত্রীর পদত্যাগও চায় কংগ্রেস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। নিটসহ বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে রাহুল গান্ধীর সঙ্গে অংশ নেন কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ দলের সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতারা।

কংগ্রেসের অভিযোগ, গত ২০ জুলাই পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে সংসদ অভিমুখে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও দমনমূলক ব্যবস্থা নেয়। এর প্রতিবাদেই তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং প্রতিবাদস্থলে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে তাদের আলোচনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে পদযাত্রা করেন। এ সময় তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনের জবাবদিহি দাবি করেন।

রাহুল গান্ধী বলেন, শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংকট নিয়ে প্রতিবাদ করলেও শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার এ ঘটনায় দুঃখ প্রকাশও করেনি এবং সংসদে এ বিষয়ে আলোচনা হওয়া উচিত।

অন্যদিকে: সোনম ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ

এদিকে দিল্লি হাইকোর্ট আন্দোলনকারী ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতাল থেকে অবিলম্বে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।

পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে গত ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের অনশনে থাকা ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিশেষজ্ঞ চিকিৎসক দল গঠন করে সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করারও নির্দেশ দেন।

তথ্যসূত্র: টিবিএস

এই বিভাগের অন্য খবর

Back to top button