বাংলাদেশিসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ‘ভিসা বন্ড’ ব্যবস্থা স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ভ্রমণে এসে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকাতে বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক ‘ভিসা বন্ড’ ব্যবস্থা স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক (বি-১) ও পর্যটন (বি-২) ভিসা অনুমোদনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত (ভিসা বন্ড) জমা দিতে হতে পারে।
শুক্রবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের সরকারি গেজেট ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন বিধান আগামী ৩ আগস্ট থেকে কার্যকর হবে।
তালিকাভুক্ত ৫০টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। এছাড়া আফ্রিকার সর্বোচ্চ ৩০টি দেশও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
এর আগে পরীক্ষামূলকভাবে চালু থাকা ভিসা বন্ড প্রকল্পে কনস্যুলার কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড নির্ধারণ করতে পারতেন। তবে নতুন চূড়ান্ত বিধিমালায় ৫ হাজার ডলারের বিকল্পটি বাতিল করা হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
নতুন এই পদক্ষেপের লক্ষ্য হলো, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান কমিয়ে আনা এবং অভিবাসন বিধি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা।
তথ্যসূত্র: যমুনা টিভি