আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ইরানের অনুমতি ছাড়া হরমুজে ঢুকতে পারবে না ‘শত্রু’ দেশের জাহাজ

হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরান। প্রস্তাবিত ওই আইনে তেহরান যেসব দেশকে ‘শত্রুভাবাপন্ন’ মনে করে, সেসব দেশের সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ইরানের অনুমতি ছাড়া উপসাগরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আজিজির মতে, প্রস্তাবিত আইনটি ইরানের তেলশিল্প জাতীয়করণের পর দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রসর আইনগুলোর একটি হতে যাচ্ছে।

আজিজি বলেন, বিলটি পাস হলে ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজ ইরানের অনুমোদন ছাড়া উপসাগরে প্রবেশ করতে পারবে না। হরমুজ প্রণালিতে ইরানের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করাই এই আইনের লক্ষ্য বলেও জানান তিনি।

এর আগে গত ৯ আগস্ট কমিটির মুখপাত্র হাসান গাশঘাভি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি ও উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করা এবং উভয় অঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি বিল অনুমোদন করেছে কমিটি।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে। সংঘাতের অবসানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি।

এদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে বিশ্ববাজারে জ্বালানির দামেও। প্রস্তাবিত আইনটি কার্যকর হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।

তথ্যসূত্র: ডিবিসি নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button