
দীর্ঘ এক দশকের প্রেমের অবশেষে পরিণতি ঘটল। দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাগদানের ঠিক এক বছর পর বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন এই তারকা জুটি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের খবর প্রকাশ করেন রোনালদো ও জর্জিনা। সেখানে হাতের আংটি ও সাদা পোশাকে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সি লাভ জি’।
এর আগে খবর ছড়িয়েছিল, পর্তুগালের মাদেইরায় বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন রোনালদো ও জর্জিনা। এ কারণে শহরটির একটি ক্যাথেড্রালের সামনে ভিড় করেছিলেন ভক্ত ও গণমাধ্যমকর্মীরা। পরে জানা যায়, সেখানে অন্য এক দম্পতির বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল।
তবে একই দিন পর্তুগালের অন্য একটি শহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো-জর্জিনা। রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরে অবস্থিত ক্যাসকাইসে কঠোর গোপনীয়তায় পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তান।
এর আগে গত বছরের ১১ আগস্ট একেবারেই সাধারণ আয়োজনে বাগদান করেছিলেন রোনালদো ও জর্জিনা। বাগদানের এক বছর পূর্তিতেই বিয়ের পিঁড়িতে বসলেন তারা। বিয়েতেও ছিল না কোনো জমকালো আয়োজন।
২০১৬ সালে মাদ্রিদের একটি ব্র্যান্ডশপে জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয়। এরপর বন্ধুত্ব থেকে প্রেম এবং দীর্ঘ পথ পেরিয়ে সম্পর্ক গড়ায় বিয়েতে। প্রায় এক দশক ধরে একসঙ্গে পথচলার পর এবার আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হলেন রোনালদো ও জর্জিনা।
তথ্যসূত্র: যমুনা টিভি



