
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এসব ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন-সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হবে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানে থাকা ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিনটিতেও ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর দুর্গাপূজায় দুদিনের ছুটি নির্ধারিত রয়েছে। পূজার ছুটির পর একদিন অফিস খোলা থাকার কথা থাকলেও ২২ অক্টোবর ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন হওয়ায় এরপরের দুদিনের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচদিনের ছুটি হচ্ছে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।
এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিন। তবে এ দিন ছুটি ঘোষণা করা হলে পরের দুদিন-২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবার-সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মন্ত্রিসভার অনুমোদনের পর এখন ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তথ্যসূত্র: জাগো নিউজ ২৪
