বিভিন্ন দেশে ভোজ্যতেলের দাম বাড়ায় কিনে মজুত করছেন ক্রেতারা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ভোজ্যতেলের দাম এখন আকাশছোঁয়া। অল্প সময়ের মধ্যে এত দ্রুত দাম বাড়ায় দোকানে ভিড় করছেন ক্রেতারা। প্রয়োজনের অতিরিক্ত কিনে করছেন মজুত। এর ফলে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে ভোজ্যতেলের বাজার আরও অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে শুধু ভোজ্যতেলের দামই নয়। ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এই লড়াইয়ের কারণে বাড়তে পারে চকলেট ও ইন্সট্যান্ট নুডুলসসহ অন্য পণ্যের দামও। ইতোমধ্যেই বাংলাদেশের বাজারে বেড়েছে আটার দাম। কারণ রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম দুই গম উৎপাদনকারী দেশ।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর যেভাবে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে আরও অনেক পণ্যের দাম বাড়তে পারে। দাম বেড়েছে পাম তেলের। গত বছরের জুনের তুলনায় পাম তেলের দাম দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। আর ইউক্রেনের রপ্তানি করা সানফ্লাওয়ার তেলের দামও প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
এদিকে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বাড়ায় বিপাকে পড়েছে মানুষজন। ভারতের একটি সুপারমার্কেটের একজন বিক্রেতা বলেন, নিয়মিত ক্রেতা যারা আগে পাঁচটি তেলের প্যাকেট কিনতেন তারা ১০টি করে কেনা শুরু করেছেন। আবার গত কয়েক দিন ধরে অনেকে ১৫ লিটারের টিনজাত তেল কিনছেন।
অন্যদিকে তুরস্কের একটি সুপারমার্কেটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যায়, ভোজ্যতেলের দাম আরও বাড়ার আশঙ্কায় মানুষজন সুপারমার্কেটটিতে ভিড় করেছে। একের পর এক টিনজাত ভোজ্যতেল কিনছেন তারা। বাংলাদেশের বাজারেও আকাশছোঁয়া দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। দেশে সয়াবিন তেল রেকর্ড দামে পৌঁছেছে। তাতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষজনের অবস্থা খুবই খারাপ।



