কিয়েভ ও চেরনিহিভ থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া: পেন্টাগন

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং চেরনিহিভ অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কর্মকর্তারা।
৬ এপ্রিল পেন্টাগন মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা কিয়েভ কিংবা তার আশেপাশে এবং চেরনিহিভ ও এর আশেপাশে আর কোনো রুশ সেনা দেখতে পাচ্ছি না।
কিবরির মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কৌশলগত লক্ষ্যের কোনো কিছুই অর্জন করতে পারেননি। পুতিন প্রকৃতপক্ষে কেবল ছোট জনগোষ্ঠীর কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের ধারণা, এসব অঞ্চল থেকে কমপক্ষে ২৪ হাজার রুশ সেনা প্রত্যাহার করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তার বরাতে জানায়, ভবিষ্যতে হয়তো রুশ বাহিনী আবার কিয়েভে ফিরে আসতে পারে। তবে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
জানা গেছে ইউক্রেনে প্রায় ১৩০ ব্যাটেলিয়ন সেনা পাঠিয়েছে রাশিয়া। এখনো ৮০ ব্যাটেলিয়নের বেশি সেনা ইউক্রেনে অবস্থান করছে।
এসএ



