আজ নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে পাকিস্তান

ইতিমধ্যে প্রধানমন্ত্রী পদে দুই জন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মুসলিম লিগ- এন সভাপতি তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ ও ইমরানের দল পিটিআইয়ের সিনিয়র নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
স্থানীয় সময় সোমবার (১১ এপ্রিল) দুপুর দুইটায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে পার্লামেন্ট অধিবেশন আহবান করা হয়েছে।
সম্মিলিত বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ সহজেই নতুন প্রধানমন্ত্রী হবে বলে ধারণা করা হচ্ছে। ইমরান খানকে অনাস্থা ভোটে পরাজিত করার শক্তি বহাল রেখেই তারা সোমবার এ ভোটে অংশ নিচ্ছে। আর প্রতিপক্ষকে ছাড়া দেওয়া হবে না- এ উদ্দেশ্য সামনে রেখে নিশ্চিত পরাজয়ের মধ্যেও কুরেশিকে প্রার্থী করা হয়েছে।
ডনের ধারণা, শাহবাজই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। ৭০ বছর বয়সী শাহবাজ পাঞ্জাবের তিনবারের মুখ্যমন্ত্রী। শাহবাজ পারিবারিকভাবে ধনী ব্যবসায়ী এবং পাকিস্তান মুসলিম লীগ-এন-র (পিএমএল-এন) বর্তমান প্রেসিডেন্ট। দেশের বাইরে শাহবাজ ততটা পরিচিত নন। লন্ডন ও দুবাইয়ে বিলাসবহুল বাড়ি থাকার কারণে খবরের শিরোনাম হলেও দেশের ভেতরে প্রশাসনিক দক্ষতার জন্য শাহবাজের সুনাম রয়েছে।
এদিকে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্ট ও প্রাদেশিক বিধান সভাগুলো থেকে একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবারই তারা গণপদত্যাগের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করবে বলে পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন।
রোববার এক টুইট বার্তায় ইমরান খান সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী ফাওয়াদ বলেন, পিটিআই পরিষদগুলো থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়া শুরু হবে প্রধানমন্ত্রী নির্বাচনের পর।