আন্তর্জাতিক খবর

ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান রাশিয়ার

মারিওপোলে ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, যারা অস্ত্র সমর্পণ করবে তাদের জীবনের নিশ্চয়তা দেয়া হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, মারিওপোলে ইউক্রেনের যোদ্ধাদের নিশ্চিহ্ন করার অর্থ হলো আলোচনার সমাপ্তি টেনে দেয়া। খবর বিবিসির।

এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে মারিওপোলে আরো কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে রাশিয়া।

অন্যদিকে কিয়েভের মেয়র শহরের নাগরিকদের রাশিয়ার আরো ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে যারা শহর ছেড়ে পালিয়েছেন তাদের ফিরে না আসার অনুরোধ করেছেন।

মারিওপোলে জীবন রক্ষার সুযোগ হিসেবে ইউক্রেনের সৈন্যদের ১৭ এপ্রিল মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া।

দেশটি বলছে, ইউক্রেনের যেসব সৈন্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা মারিওপোলে এখনো লড়াই করছে, তারা স্থানীয় সময় সকাল ৬টা থেকে বেলা ১টার মধ্যে তাদের অস্ত্র সমর্পণ করলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।এজন্য তারা কিয়েভের দিকে না তাকিয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেয়ার পরামর্শ দিয়েছে।

যারা এটা করবে তাদের বন্দী হিসেবে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হবে। তবে যারা আত্মসমর্পণ করবে না তাদের বিষয়ে কী হবে সে সম্পর্কে দেশটি তাদের বিবৃতিতে কিছু উল্লেখ করেনি। রাশিয়ার দাবি ইউক্রেনের সৈন্যদের শহরটির একটি ছোট এলাকায় ঘিরে রাখা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button