আন্তর্জাতিক খবর

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজের শপথগ্রহণ স্থগিত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী পিএমএল-এনের নেতা হামজা শাহবাজ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে। ১৬ এপ্রিল পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্টের অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাভুটিকে কেন্দ্র করে অধিবেশনে ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারি হামলার শিকার হন। এ ঘটনার জেরে পাঞ্জাবের গভর্নর ওমর সরফরাজ চিমা স্থগিত রেখেছেন মুখ্যমন্ত্রী পদে জয়ী হওয়া হামজা শাহবাজের শপথগ্রহণ অনুষ্ঠান।

রোববার ১৭ এপ্রিল পাঞ্জাবের গভর্নর এক সংবাদ সম্মেলনে বলেন, পাঞ্জাবের অ্যাসেম্বলিতে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটি খুবই নিন্দনীয়। তিনি বলেন, আমি নিজেও একজন রাজনৈতিক কর্মী, ভোটের জন্য যুদ্ধ করছি এবং এটা খুবই ভুল নজির স্থাপন করা হচ্ছে।

তিনি আরো বলেন এটি লক্ষণীয় বিষয় যে শনিবারের সেশনে ১৯৭ জন সদস্য হামজাকে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করতে ভোট দিয়েছেন। পাঞ্জাবের গভর্নর আরে বলেন, হামজার যদি পর্যাপ্ত ভোট থাকে তাহলে তার নির্বাচনকে বিতর্কিত করা উচিত নয়। রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহারের অভিযোগও করেন তিনি।

পাঞ্জাব গভর্নর মুখ্যমন্ত্রীর জন্য নির্বাচন লাহোর হাইকোর্টের নির্দেশ অনুসারে পরিচালিত হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন যে অধিবেশন চলাকালীন যে সহিংসতা হয় তার বিষয়ে তিনি পাঞ্জাব অ্যাসেম্বলির সচিবের কাছ থেকে একটি প্রতিবেদন তলব করেছেন।

চিমা আরো বলেন, ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি ‘পক্ষপাতমূলক’ কাজ করেছেন। গভর্নর আরো বলেছেন যে তার কার্যালয় পাঞ্জাবের অ্যাডভোকেট-জেনারেলের পাশাপাশি ভোটের সঙ্গে সম্পৃক্ত স্পিকারের কাছেও চিঠি লিখবে।

তিনি বলেন, সাংবিধানিক অফিসে বসে আমি অসাংবিধানিক কাজকে সমর্থন করতে পারি না। তিনি বলেন, আমি এই শপথ গ্রহণের কার্যক্রম শুরু করবো যখন আমি সন্তুষ্ট হবো যে এই নির্বাচন সংবিধান এবং লাহোর হাইকোর্টের আদেশ অনুসারে পরিচালিত হয়েছে।

সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটের আগে পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে চৌধুরী মুহাম্মদ সারওয়ারের কাছে উসমান বুজদার তার পদত্যাগপত্র দাখিল করেন এবং মুখ্যমন্ত্রীর পদটি খালি হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button