পাকিস্তানে ভারী বর্ষণ ও বন্যায় নিহত ২৫০ ছাড়াল

পাকিস্তানে টানা ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২৫০ জন ছাড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শুক্রবার (১৫ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজ ও বিবিসির।
বিবিসি জানায়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতিভারী বৃষ্টিতে খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর ও বাটগ্রামে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ওই প্রদেশেই প্রাণ হারিয়েছেন ২০০ জনের বেশি। এছাড়া গিলগিট-বালতিস্তানে ১২ জন এবং আজাদ জম্মু ও কাশ্মীরে ১৯ জন মারা গেছেন।
এদিকে, ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গিয়ে খাইবার পাখতুনখোয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে দুই পাইলটসহ মোট পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রদেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, সারা দেশে মোট ২৮ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৬টি ঘরবাড়ি—এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৩৪টি আংশিক ও ১৪টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। গিলগিট-বালতিস্তানে ১৪টি আংশিক এবং তিনটি সম্পূর্ণ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজাদ কাশ্মীরে আংশিক ২৩টি ও পুরোপুরি ২৮টি বাড়ি ধ্বংস হয়েছে।
জিও নিউজ জানায়, বন্যায় বহু ঘরবাড়ি ভেসে গেছে এবং বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া, মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্যোগপ্রবণ এলাকায় যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।



