বগুড়ায় অ্যালকোহল পানে মৃতের সংখ্যা বেড়ে ১২, ডাক্তারসহ গ্রেফতার ৪

বগুড়ায় অ্যালকোহল পানে আরও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এতে করে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ তে। একই ঘটনায় মামলায় পুলিশ চারজনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে বলে জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন করে খবর পাওয়া অ্যালকোহল পানে নিহতরা হলেন- জেলার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া মণ্ডলপাড়ার সিএনজি’র মেকার মেহেদী হাসান (২৮), রহিমাবাদ উত্তরপাড়ার ইলেকট্রিক মিস্ত্রি আব্দুর রাজ্জাক (৪০)।
এদিকে এঘটনায় অসুস্থ রঞ্জুর ভাই মনোয়ার হোসেন রিপন মামলা করেছেন। রাতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন – বগুড়া সদরের ছোট কুমিরা এলাকসর মৃত মহির উদ্দিনের ছেলে হোমিও ডাঃ আব্দুল খালেক (৬৫), সদরের ঠেঙ্গামারা এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ হোসেন, সদরের আকাশতারা এলাকার আবু বক্করের ছেলে আবু জুয়েল (৩৫) ও শহরের নাটাইপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে সাহিদুল আলম (৫৫)।
বগুড়া সদর থানা তদন্ত ইন্সপেক্টর আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবার রাতে শহরের সাতমাথায় শাজাহানপুরের বেশকয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক সিএনজি চালকরা জানান, মেহেদী নিয়মিত দেশিয় চোলাই মদ অর্থাৎ অ্যালকোহল পান করত। মঙ্গলবার সকালে বাড়িতে তার মৃত্যু হয়।
এদিকে রাতে শাজাহানপুরে মৃত আব্দুর রাজ্জাকের ভাই স্কুল শিক্ষক আফসার আলী জানান, তার ভাই নিয়মিত দেশিয় মদ পান করত।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন মেহেদী হাসান ও আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের পরিবার দাবি করেছে অ্যালকোহল পানে মৃত্যু হয়নি। তবে ময়নাতদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে।



