আইন ও অপরাধ

যুবলীগ নেতা হত্যার মূলহোতাসহ আটক ৫

কক্সবাজার সদরে যুবলীগ কর্মী ও ব্যবসায়ী মোর্শেদ আলী হত্যাকাণ্ডের মূলহোতাসহ প্রত্যক্ষভাবে জড়িত পাঁচজনকে আটক করেছে র‍্যাব।

আটক পাঁচজন হলেন- মাহমুদুল হক, মো. আলী, মো. আবদুল্লাহ, নুরুল হক এবং আব্দুল আজিজ।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার টেকনাফ থেকে তাদের আটক করা হয়। তারা সদরের চেংরাঘর বাজারে দিবালোকে শত শত মানুষের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মোর্শেদকে হত্যা করেন।

র‍্যাব জানায়, গত ৭ এপ্রিল রোজা রেখে ইফতার কেনার জন্য বাড়ির পাশের চেংরাঘর বাজারে যান মোর্শেদ আলী। তাকে দেখতে পেয়ে ওঁত পেত থাকা হত্যাকারীরা মাহমুদুল হকের নির্দেশে মোর্শেদের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন।

এরপর কুপিয়ে এবং পিটিয়ে তাকে মারাত্মক আহত করেন তারা। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মোর্শেদকে মৃত ঘোষণা করেন।

হত্যার পরদিন নিহত মোর্শেদের ভাই কক্সবাজার সদর থানায় ২৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ জানান, স্থানীয় সেচ প্রকল্পে একক আধিপত্য বজায় রাখতে এই হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছেন মূলহোতা মাহমুদুল হক। তার ভাষ্য অনুযায়ী, মোর্শেদ সেচ নিয়ে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা নেয়ার প্রতিবাদ করেছিলেন এলাকার লোকজন নিয়ে।

লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ আরো জানান, মোর্শেদ ছিলেন যুবলীগ কর্মী। আর মাহমুদুল ছিলেন বিএনপি সমর্থিত মৎস্যজীবী সমিতির নেতা।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button