
ছবি: বাসস
সাইবার অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে সরকার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ জারি করেছে। এতে অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার মতো অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
শুক্রবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে জানানো হয়, অধ্যাদেশ অনুযায়ী কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা অনলাইনে জুয়া খেলার জন্য পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি বা পরিচালনা করলে, সরাসরি জুয়ায় অংশ নিলে, খেলায় সহায়তা বা উৎসাহ দিলে কিংবা ফেসবুক, ইউটিউব, গুগল, টুইটার, টিকটক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়া প্রচার বা বিজ্ঞাপন দিলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী এসব অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। পাশাপাশি অনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হাইকোর্ট বিভাগের নির্দেশনাও রয়েছে।
তথ্য বিবরণীতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে বলা হয়েছে, জুয়া খেলায় সহায়তা, উৎসাহ দেওয়া কিংবা বিজ্ঞাপনে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে। অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে জনস্বার্থে অনলাইন জুয়ার গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট ও বিজ্ঞাপন জরুরি ভিত্তিতে বন্ধ, ব্লক বা অপসারণের জন্য সংশ্লিষ্ট ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে অবহিত করা হচ্ছে।



