বগুড়ায় ‘ভুল চিকিৎসায়’ প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সন্তান জন্ম দেওয়ার একদিন পরই লাকী মনি (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ক্লিনিক কতৃপক্ষের দায়িত্ব অবহেলা ও ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
শুক্রবার রাত ১১ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার শহরের কাটনারপাড়া এলাকায় সেবা পলি ক্লিনিকে ভুল চিকিৎসার শিকার হন তিনি।
লাকী বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী বন্দর এলাকার মোস্তাকীম হারুন রাজার স্ত্রী।
স্বজনদের অভিযোগ, লাকীর রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ। সিজারের পর তার রক্তের প্রয়োজন হলে সেবা পলি ক্লিনিকে ‘বি’ পজিটিভ রক্ত তার শরীরে দেওয়া হয়। ক্লিনিক কতৃপক্ষ রক্ত পরীক্ষা করা ছাড়াই একজনের ‘বি’ পজিটিভ রক্ত লাকীর শরীরে দেয়। এরপরই লাকী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন ক্লিনিক কতৃপক্ষ তাকে শজিমেক হাসপাতালে নিতে বলে। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলেই লাকীকে শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
মৃতের স্বজন সফিন আহম্মেদ বলেন, লাকী আমার মামী ছিলেন। বৃহস্পতিবার শহরের সেবা পলি ক্লিনিকে তার সিজার করানো হয়েছিল। তিনি এক ছেলে সন্তানের জন্ম দেন। এসময় তার শরীরে ভুল করে অন্য গ্রুপের রক্ত দেয় ক্নিনিক কতৃপক্ষ। এছাড়াও সিজার শেষে কাটা স্থানে সঠিকভাবে সেলাই করা হয়নি। ফলে অনেক রক্তক্ষরণ হয় মামীর। পরবর্তীতে শজিমেক হাসপাতালে নেওয়ার পর সাত ব্যাগ রক্ত দিতে হয়েছে। এরপরেও তাকে বাঁচানো যায়নি।
অভিযোগের বিষয়ে সেবা পলি ক্লিনিকের অফিসিয়াল মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হয়। তবে সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোনের সংযোগ কেটে দেয় ক্লিনিক কতৃপক্ষ।
লাকীর স্বজনরা জানান, লাকীর মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান বলেন, লাকীর লাশ শজিমেক হাসপাতালের মর্গে আছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।



