ধুনট উপজেলাপ্রধান খবর

ধুনটে যুব অধিকার পরিষদের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

মিনহাজ উদ্দিন (ধুনট প্রতিনিধি): বগুড়ার ধুনট উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ামূলে ভিপি নূরের নেতৃত্বাধীন জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামের বাসিন্দা যুব পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী (৪৮), যুব পরিষদের নেতা রফিকুল ইসলাম (৩৬), জামাল খাঁ (৫৬), তুলাল হোসেন (৪২), রবিউল ইসলাম (২১), আব্দুল হান্নান (৪৪), জাহাঙ্গীর আলম (২২) ও শিপন মিয়া (২৫)।

সোমবার দুপুর ২টার দিকে তাদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গোসাইবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদি হয়ে ১৯ জনকে আসামী গত ১১ মার্চ ধুনট থানায় এ মামলা করেন।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ১০ মার্চ বিকেলে যুব অধিকার পরিষদের নেতা জমশের আলীর নেতৃত্বে উপজেলার পারনাটাবাড়ি গ্রামে আলোচনা সভা করছিলেন। এসময় নেতারা সরকার বিরোধী বক্তব্য দেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এতে বাধা দেন। এ ঘটনায় যুব অধিকার পরিষদের নেতারা ক্ষুব্ধ হয়ে গোসাইবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করেন।

থানা হাজতে আটক বগুড়া জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী বলেন, বগুড়া জেলার নেতাকর্মীরা যমুনা নদীতে পিকনিক করার জন্য তার বাড়িতে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের অফিস ও ছবি ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আদালতের গ্রেপ্তারী পরোয়ানামূলে ৮ আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button