আসাদুজ্জামান কামালকে কী ভারত ফিরিয়ে দেবে? যা জানা গেল

ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রথমে প্রত্যর্পণ করা হবে—এমন কোনো সরকারি তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত “বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ” শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, “কামালকে প্রথমে প্রত্যর্পণ করা হবে—এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। এ বিষয়ে কোনো অফিসিয়াল তথ্যও নেই।”
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন যে ভারত শুরুতে আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ করবে।
গত বছর জুলাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে চলতি বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়।
রায় ঘোষণার পর সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে কূটনৈতিক চিঠি পাঠায়। এর আগে গত বছরের ডিসেম্বরে একই অনুরোধ জানিয়ে ভারতকে আরেকটি চিঠি পাঠানো হয়েছিল।
তথ্যসূত্র: বাংলাদেশ টাইমস


