জাতীয়
প্রধান খবর

এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে স্কেল পাবেন: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকরাও অন্যান্য শিক্ষকদের মতো একই পে স্কেল পাবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কিছুদিনের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেল পেতে যাচ্ছেন।

রোববার (৮ নভেম্বর) বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা এ বছর সর্বাধিক বাজেট পেয়েছি এবং সবাই এবার নতুন পে স্কেল পেয়েছি। এমপিওভুক্ত শিক্ষকরা যে জায়গাটিতে খানিকটা পিছিয়ে ছিলেন, তা দূর করে সবাই মিলে একই পে স্কেল পেতে যাচ্ছেন। শিক্ষার সার্বিক উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করব।’

আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশ থেকে ৩৪৭ জন স্থান পেয়েছেন। এসব বিজ্ঞানীকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। গবেষণা, গবেষণাপত্র প্রকাশ এবং ওপেন সোর্স প্ল্যাটফর্মে অবদান রাখা ব্যক্তিদের নিয়ে কাজ করতে চায় সরকার।

তবে গবেষণার ক্ষেত্রে প্লেজিয়ারিজম বা অন্যের গবেষণা নকল করার প্রবণতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সবাইকে গবেষণায় যুক্ত হতে হবে এবং পর্যায়ক্রমে পিএইচডি অর্জনের দিকে এগিয়ে যেতে হবে। শিক্ষকতা পেশায় অভিজ্ঞতা অর্জনের পর অধ্যাপক পর্যায়ে গিয়ে ধারাবাহিকভাবে গবেষণায় যুক্ত হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করা যাবে না।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button