
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক দেশব্যাপী জরিপে দেখা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ মনে করেন ড. ইউনূস তাঁর দায়িত্বে ‘ভালো কাজ’ করছেন। একইভাবে, ৭০ শতাংশ জানিয়েছে তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট।
আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বে অগ্রগতির সম্ভাবনা মানুষ স্পষ্টভাবে দেখছেন। তিনি মনে করেন, জনগণের এই আস্থা দেশের স্থিতিশীলতা, জবাবদিহিতা এবং কাঠামোগত সংস্কারের প্রতি প্রত্যাশাকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।
জরিপে আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও জনগণের আগ্রহ প্রতিফলিত হয়েছে। ৬৬ শতাংশ ভোটার বলেছেন তারা ভোট দিতে ‘খুবই আগ্রহী’, আর ২৩ শতাংশ জানিয়েছেন তারা ‘কিছুটা আগ্রহী’। পাশাপাশি, জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
জোহান্না কাও বলেন, বাংলাদেশের জনগণের এই উৎসাহ প্রমাণ করে যে সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং নির্বাচনের বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশের নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা নিয়ে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য এ ধরনের জরিপ পরিচালনা করে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতেও কাজ করছে।
তথ্যসূত্র: বিডি ২৪ লাইভ



