
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে। এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৯৫।
এ ছাড়া, একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।
তথ্যসূত্র: যমুনা টিভি


