
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা চলছে। তিনি বলেন, “এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি, এবং এতে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া নিপীড়িত মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত মাথাল মার্কার মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি শহরের পৌর উদ্যান থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন সদর আসনের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বীথি, সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
জোনায়েদ সাকি বলেন, “নির্বাচনের পরিবেশ তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। এটি নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্ব। রাজনৈতিক দলগুলোরও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পরিবেশ কমিটি গঠন করা প্রয়োজন।
তিনি আরও যোগ করেন, নির্বাচন ও সংবিধান সংস্কার অবিচ্ছেদ্যভাবে জড়িত। সংস্কার প্রক্রিয়া চালাতে হলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়া জরুরি। বাংলাদেশের জন্য এ নির্বাচন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। এজন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এগোতে হবে।
তথ্যসূত্র: যমুনা টেলিভিশন



