
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শপথ গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনটি ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি হলেও তা প্রকাশ করা হয় বুধবার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
বর্তমান প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ২৭ ডিসেম্বর ৬৭ বছরে পদত্যাগ করবেন। তিনি ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং গত বছরের ১১ আগস্ট শপথ নেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। ফলে তিনি ২০২৮ সালের ১৭ মে ৬৭ বছরে পৌঁছাবেন। তিনি প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী ও প্রয়াত বেগম সিতারা চৌধুরীর সন্তান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম সম্পন্ন করার পর তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন। ১৯৮৫ সালে জজকোর্টে এবং ১৯৮৭ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালে অতিরিক্ত বিচারক, ২০০৫ সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং ২০২৪ সালের ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।
সূএ : প্রথম আলো



