জাতীয়
প্রধান খবর

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন


অনুষ্ঠানে উপস্থিত খ্রিস্টান নেতৃবৃন্দ

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

  • বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ
  • ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী
  • খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও
  • জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারী
  • খ্রিস্টান সম্প্রদায়ের অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ

খ্রিস্টান নেতাদের বক্তব্য

শুভেচ্ছা বক্তব্যে খ্রিস্টান ধর্মীয় নেতারা বিশ্বজুড়ে ড. মুহাম্মদ ইউনূসের সুনাম, দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।

তারা আশাবাদ ব্যক্ত করেন, ড. ইউনূসের নেতৃত্বে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।

আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ বলেন,
‘যিশু খ্রিস্টের ক্ষমা ও মানবসেবার আদর্শকে সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বজুড়ে মানুষ বড়দিন উদযাপন করছে।’

তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে তাঁর প্রচেষ্টা সফল হবে বলে আশা প্রকাশ করেন।


প্রধান উপদেষ্টার বক্তব্য

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন,
‘ধর্মীয় নেতারাই সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। তাঁদের মাধ্যমেই সমাজের প্রকৃত অবস্থা বোঝা যায়।’

তিনি জানান, একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। এবারের গণভোটের মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন,
‘আসন্ন নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। জনগণের রায়ের ভিত্তিতেই পরবর্তী সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে।’


বড়দিন উপলক্ষে অনুদানের জন্য কৃতজ্ঞতা

অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা বড়দিন উপলক্ষে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা জানান, দেশব্যাপী ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এ অনুদান বিতরণ করা হচ্ছে।


কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি

অনুষ্ঠানের শেষপর্বে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কেক কাটেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

এই বিভাগের অন্য খবর

Back to top button