
রোজা রাখার সময় গ্যাস্ট্রিকের সমস্যা অনেকেরই দেখা দেয়। অনিয়মিত খাদ্যাভ্যাস, দীর্ঘ সময় খালি পেট থাকা এবং ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া খাবার খাওয়ার ফলে এ সমস্যা বাড়তে পারে।
এ বিষয়ে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল-এর পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, রোজা অবস্থায় অনেকের শেষ বিকেলে বমি বমি ভাব হয়। সারাদিন অনাহারে থাকার কারণে পেটে জমে থাকা অ্যাসিডের জন্য এমনটি ঘটে। এতে অতিরিক্ত দুশ্চিন্তার প্রয়োজন নেই, তবে খাদ্যাভ্যাসে সতর্কতা জরুরি।
প্রয়োজনে ওমিপ্রাজল জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে বলে তিনি জানান।
বুক জ্বালাপোড়া: কারণ ও সতর্কতা
অধ্যাপক ডা. ফারুক আহমেদের ভাষ্য অনুযায়ী, বুক জ্বালাপোড়া চিকিৎসা বিজ্ঞানে ‘রিফ্লাক্স সিনড্রোম’ নামে পরিচিত। এ সমস্যা দৈনন্দিন কার্যক্রম ব্যাহত করলে তাকে ‘রিফ্লাক্স ডিজিজ’ বলা হয়।
প্রধান উপসর্গ:
- বুক জ্বালাপোড়া
- বুকে ব্যথা
- মুখে পানি আসা বা টক স্বাদ অনুভূত হওয়া
অনেক সময় এ ব্যথা হৃদরোগের ব্যথার সঙ্গে মিল থাকায় রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন।
প্রতিরোধে করণীয়
চিকিৎসার আগে প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন এই বিশেষজ্ঞ। এজন্য-
- অতিরিক্ত তৈলাক্ত, চর্বিযুক্ত ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন
- একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে কয়েকবার খান
- খাবারের সঙ্গে সঙ্গে পানি পান না করে কিছুক্ষণ পরে পানি পান করুন
- খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না; অন্তত দুই ঘণ্টা অপেক্ষা করুন
প্রয়োজনে ওমিপ্রাজল জাতীয় ওষুধ, যেমন এক্সিয়াম মাপস, সকাল ও বিকালে সেবন করলে উপকার পাওয়া যেতে পারে।
সূত্র: ডক্টর টিভি



