
২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া দেশের সব শিল্প-কারখানা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেই অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় উন্নয়ন বাজেটের বিভিন্ন প্রকল্পে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক।
তিনি জানান, পরিবেশ সংশ্লিষ্ট যেসব প্রকল্প দেশে চলমান রয়েছে, সেগুলোতেও আর্থিক সহায়তা দেবে সংস্থাটি।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, বৈঠকে ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তা দেওয়ার বিষয়েও মতামত দিয়েছেন তারা।
মন্ত্রী বলেন, চলমান ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি করেছে। এ অবস্থায় বিদেশি ভ্রমণকারীদের জন্য ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা, যাতে বিমানবন্দরের জটিলতা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে আসতে পারেন।
তিনি আরও জানান, ব্যাংকঋণের সুদহার কমানো, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন ব্যবসায়ীরা।
এ ছাড়া মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া সহজ করা এবং আমদানি-রপ্তানি ও বাণিজ্যের গতি বাড়াতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বানও জানানো হয়েছে বৈঠকে।
সূত্র: কালের কণ্ঠ



