জাতীয়
প্রধান খবর

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন একটি আসন। এসব সংরক্ষিত নারী সংসদ সদস্যরাও সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মতোই রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত ও সরাসরি নির্বাচিত সদস্যদের মধ্যে কোনো পার্থক্য নেই। সংসদ সদস্য হিসেবে তাদের মর্যাদা, যোগ্যতা ও সুযোগ-সুবিধা একই।

সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩ অনুযায়ী এসব সুবিধা নির্ধারিত হয়েছে। বিভিন্ন সময়ে এতে সংশোধন আনা হলেও সর্বশেষ সংশোধন করা হয় ২০১৬ সালে।

মাসিক বেতন ও ভাতা

আইন অনুযায়ী, একজন সংসদ সদস্য নিয়মিত মাসিক ৫৫ হাজার টাকা বেতন পান। এছাড়া ১ হাজার ৫০০ টাকা লন্ড্রি ভাতা এবং ৬ হাজার টাকা বিবিধ ব্যয় ভাতা দেওয়া হয়। এই ভাতা বাসনপত্র, বিছানাপত্র, টয়লেট্রিজসহ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কেনার জন্য নির্ধারিত।

ফ্ল্যাট ও আবাসন সুবিধা

সংসদ সদস্যরা রাজধানীর ন্যাম ভবন-এ একটি ফ্ল্যাট সুবিধা পেয়ে থাকেন।

করমুক্ত গাড়ি সুবিধা

মেয়াদকালে নির্ধারিত শর্তে একজন সংসদ সদস্য একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর ছাড়াই আমদানি করতে পারেন। পাঁচ বছর পর একই শর্তে আবার নতুন গাড়ি আনার সুযোগও রয়েছে।

তবে সরকারদলীয় ও বিরোধীদলীয় কিছু সংসদ সদস্য এ সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

যাতায়াত ও ভ্রমণ সুবিধা

সংসদ সদস্যদের অধিবেশন, কমিটির সভা ও দায়িত্বসংক্রান্ত কাজে রেল, বিমান বা নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড়গুণ পর্যন্ত ভাতা দেওয়া হয়। সড়কপথে কিলোমিটারপ্রতি নির্ধারিত ভাতাও রয়েছে।

এ ছাড়া দেশের ভেতরে যাতায়াতের জন্য বছরে ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা অথবা সমমূল্যের ট্রাভেল পাস সুবিধা দেওয়া হয়।

সংসদ অধিবেশন বা কমিটির সভায় উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ৮০০ টাকা দৈনিক ভাতা ও ২০০ টাকা যাতায়াত ভাতাও নির্ধারিত রয়েছে।

চিকিৎসা সুবিধা

সংসদ সদস্য ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। পাশাপাশি মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়।

বিমা সুবিধা

সংসদ সদস্যদের জন্য সরকারিভাবে ১০ লাখ টাকার বিমা সুবিধা রয়েছে। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্ব হলে এই বিমা কার্যকর হয়।

এ ছাড়া প্রত্যেক সংসদ সদস্য বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ পান।

টেলিফোন সুবিধা

সংসদ সদস্যদের বাসভবনে সরকারি খরচে একটি টেলিফোন সংযোগ দেওয়া হয়। টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ মাসিক ৭ হাজার ৮০০ টাকা প্রদান করা হয়।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button