জাতীয়
প্রধান খবর

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টিপাতে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ের নোটিশের পরিপ্রেক্ষিতে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ বলেন, প্রবল বর্ষণে হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাচ্ছে। কৃষকেরা ধান কাটতে মাঠে লড়াই করছেন। এ সময় তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে সংসদ নেতা ও সরকারপ্রধান বলেন, “এটি খুবই উদ্বেগের ব্যাপার। আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে তিন দিন আগে সংশ্লিষ্ট তিন জেলার স্থানীয় প্রশাসনকে আমি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ সকালেও আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি। প্রবল বর্ষণে সিলেটের তিন জেলা ও ময়মনসিংহের কিছু এলাকা এ সমস্যার সম্মুখীন হয়েছে।”

তিনি বলেন, “যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের চিহ্নিত করে আগামী তিন মাস আমরা সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার চেষ্টা করব।”

হাওরাঞ্চলে অকাল বৃষ্টি ও উজানের ঢলে বোরো ধান কাটার মৌসুমে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ফসল রক্ষায় দ্রুত ধান কাটার কাজ চলছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button