জাতীয়
প্রধান খবর

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন চায় সরকার: মির্জা ফখরুল

ডিসি সম্মেলনে মন্ত্রী-তৃণমূলকে শক্তিশালী করলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন আয়োজনের চেষ্টা চালানোর কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ডিসি সম্মেলনের অধিবেশনে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমরা আগেও বলেছি, এখনো বলছি-আমরা চাই এবং চেষ্টা করব এক বছরের মধ্যে সব স্তরে নির্বাচন সম্পন্ন করতে।”

জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকারই গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি এবং তৃণমূলের শক্তিশালী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করা গেলে সামগ্রিকভাবে গণতন্ত্র ও রাষ্ট্র আরও শক্তিশালী হবে

মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের সরকারের কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে। এ ক্ষেত্রে সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, “জনগণই এই দেশের মালিক। তাই তাঁদের সঙ্গে নিয়েই সব কাজ করতে হবে, কারণ তৃণমূল পর্যায়ে তারাই সবকিছু নির্ধারণ করে।”

মন্ত্রী উল্লেখ করেন, তারেক রহমান-এর ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, প্রতিবছর অনুষ্ঠিত ডিসি সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের মতবিনিময় কার্যকর ভূমিকা রাখে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার ওপর জোর দেন তিনি

স্থানীয় সরকারের দায়িত্ব শুধু রাস্তাঘাট নির্মাণে সীমাবদ্ধ নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশুদ্ধ পানি সরবরাহ ও প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতও স্থানীয় সরকারের আওতায় পড়ে

মন্ত্রী দাবি করেন, গত ১৬ বছরে স্থানীয় সরকারের যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপক দুর্নীতি হয়েছে। এসব বিষয়ে তদন্ত করে ভবিষ্যতে যাতে এমন না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button