জাতীয়
প্রধান খবর

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ২৪৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন ৩৮৪ জন। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৭৫ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে।

সরকারি হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৫৭ হাজার ৮৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ জন শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ৭৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ের মধ্যে দেশে মোট ৭ হাজার ৭৬৭ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে প্রাণ হারিয়েছেন ১৫৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও হাসপাতালগুলোতে রোগী ভর্তির চাপ এখনো অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button