ফুটবল
প্রধান খবর

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ফুটবলে নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপে অপ্রত্যাশিত ভরাডুবির পর জাতীয় দলকে আবার জয়ের ধারায় ফেরাতে ইয়ুর্গেন ক্লপের ওপরই আস্থা রেখেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার ক্লপকে জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেওয়ার পর কোচের পদ থেকে সরে দাঁড়ান জুলিয়ান নাগেলসম্যান। তার উত্তরসূরি হিসেবে শুরু থেকেই লিভারপুলের সাবেক এই ম্যানেজারকে অগ্রাধিকার দিয়েছিল ডিএফবি।

ডিএফবি সভাপতি বার্নড নিউয়েনডর্ফ জানান, গভর্নিং বডি সর্বসম্মতিক্রমে ক্লপের নিয়োগ অনুমোদন করেছে। জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য তাকেই ‘আদর্শ পছন্দ’ হিসেবে উল্লেখ করেন তিনি।

বিশ্বকাপ চলাকালে নিউইয়র্কে একটি স্পোর্টস চ্যানেলে বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন ক্লপ। সেখানেই ডিএফবির কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয় তার। দীর্ঘ আলোচনার পর গত ১১ জুলাই দুই পক্ষ চুক্তির মূল শর্তাবলীতে সম্মত হয়।

অবশেষে শুক্রবার এলো সেই আনুষ্ঠানিক ঘোষণা।

নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত জার্মানি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ৫৮ বছর বয়সী ইয়ুর্গেন ক্লপ।

উল্লেখ্য, ২০২৪ সালে অতিরিক্ত মানসিক ও শারীরিক ক্লান্তির কারণ দেখিয়ে ইংলিশ ক্লাব লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর এটিই হতে যাচ্ছে ক্লপের প্রথম কোচিং দায়িত্ব।

এই বিভাগের অন্য খবর

Back to top button