
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বুধবার (২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মৃত শিশুদের মধ্যে ৪৭২ জন হামের উপসর্গ নিয়ে এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছে।
এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৩ জন শিশু। ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৫ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৬ জন, বরিশাল বিভাগে ১৪০ জন এবং খুলনা বিভাগে ৯৮ জন শিশু ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১০৩ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত ৭৩ দিনে দেশে মোট ৬৭ হাজার ৭৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৪৬৩ জন। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৩৪ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৯ হাজার ৯০৩ জন।
তথ্যসূত্র: চ্যানেল ২৪

