
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে কোনো সরকারি প্রতিষ্ঠানে জমে থাকা পানি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবর-এ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ড্রেন, ছাদ, টব বা অন্যান্য স্থানে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
মন্ত্রী আরও জানান, অভিযানের অংশ হিসেবে বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনা পরিদর্শনে সরকারি টিম যাবে। পরিদর্শনের সময় জমে থাকা পানি বা এডিস মশার প্রজননস্থল পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে।
এ সময় তিনি সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিদর্শনকারী দলকে বাসাবাড়িতে প্রবেশ করতে দিতে হবে। এ বিষয়ে কেউ অসহযোগিতা করলে আইন প্রয়োগ ছাড়া সরকারের সামনে অন্য কোনো বিকল্প থাকবে না।
ডেঙ্গুর বিস্তার রোধে সরকারের এই তিন মাসের বিশেষ অভিযান চলাকালে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তথ্যসূত্র: যমুনা টিভি
